ভার্চুয়ালি বঙ্গবন্ধুকে স্মরণ বিসিএসের

১৬ আগষ্ট, ২০২০ ২০:১৯  
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আজ (১৬ আগস্ট) এক ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করেন। এই স্মরণ সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কম্পিউটার সমিতির উপদেষ্টা মোজাম্মেল বাবু, শেখ রাসেলের গৃহশিক্ষিকা অধ্যাপক গীতালী দাশগুপ্তা এবং ডাকসুর সাবেক সাধারন সম্পাদক মাহবুব জামান। ভার্চুয়াল স্মরণ সভার সঞ্চালনা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর। ভার্চুয়াল স্মরণ সভায় আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করা আমাদের দায়িত্ব। উনাকে যত স্মরণ করবো আমরা তত দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। উনি দেশের মানুষকে অনেক ভালোবাসতেন, শিক্ষকদের অনেক সম্মান করতেন। নতুন প্রজেম্মর কাছে উনার আদর্শ তুলে ধরতে হবে। উনাকে হারিয়ে আমরা কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছি তা তারা বুঝতে পারবে। আমাদের সুযোগ হয়নি জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে কাজ করার। কিন্তু যেকোন ভালো কাজের সাহস পেয়েছি উনার কাছ থেকেই বললেন বাংলাদেশ কম্পিউটার সমিতির উপদেষ্টা মোজাম্মেল বাবু। অধ্যাপক গীতালী দাশগুপ্তা বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে ৩ বছরের উপরে পড়িয়েছে। এই দীর্ঘ সময়ে রাসেলের সাথে হয়ে যাওয়া অনেক স্মৃতি তুলে ধরেন ভার্চুয়াল স্মরণ সভায় এই শিক্ষিকা। মাহবুব জামান আলোচনায় বলেন, ডাকসুর সাধারন সম্পাদক থাকায় খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখার সুযোগ হয়েছে। তার দিক নিদের্শনায় সেবামূলক অনেক কাজ করেছি। ডাকসুর সব কাজেই উনাকে আমরা পেয়েছি।